জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম :
কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে বড় ধরনের দুর্নীতি ও গরমিল ধরা পড়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় অবস্থিত ৮টি খাদ্য গুদান পরিদর্শন করে। অভিযানে দেখা যায়, ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল অনুপস্থিত।
দুদক সূত্র জানায়, অভিযোগের মধ্যে রয়েছে—কৃষকদের ন্যায্য পণ্যের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সরবরাহ, নতুন বস্তার পরিবর্তে পুরনো বস্তা ব্যবহার, এবং ধান-চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ। প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে।
জেলা দুদক সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানান, ঘাটতি পাওয়া গোডাউনের সিলগালা করা হয়েছে। তিনি আরও বলেন, খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি, তাই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কিছু চালও খাবারের জন্য অনুপযোগী অবস্থায় পাওয়া গেছে।
দুদকের কর্মকর্তারা বলছেন, অভিযানের মাধ্যমে সঠিক হিসাব ও খাদ্য মজুদ পুনঃস্থাপন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল হক এর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
Reporter Name 















