নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগেশ্বরী উত্তর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাগেশ্বরী সরকারি কলেজ মাঠ-এ আয়োজিত এ মাহফিলে পৌরসভার পাঁচ শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও প্রবাসী এম মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি নাহিদ ইসলাম, ডা. আমিনুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, রমজান আমাদের আত্মসংযম ও মানবসেবার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত পাঁচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে নাগেশ্বরী প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এম. মাসুদ জানান, তিনি আগামীতে নাগেশ্বরী পৌরসভার মেয়র পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন। এ সময় তিনি নাগেশ্বরী পৌরসভার উন্নয়নের লক্ষ্যে অনেক প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
Reporter Name 















